এবারের বিশ্ব সুন্দরী অলিভিয়া কালপো

এবারের বিশ্ব সুন্দরীর মুকুট অর্জন করলেন যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো। গত ১৯ ডিসেম্বর লাস ভেগাসের প্ল্যানেট হলিউড ক্যাসিনোতে জাঁকজমকভাবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অলিভিয়াকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী অ্যাঙ্গোলার লাইলা লোপেজ। অলিভিয়া কালপো এ বছরের জুন মাসে মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন। এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৮৯ জন সুন্দরী অংশ নিয়েছেন। ফিলিপাইনের জেনিন টাগনন হন দ্বিতীয় এবং ভেনজুয়েলার ইরিন সোফিয়া এসার কুইন্টারো হন তৃতীয়। চতুর্থ ও পঞ্চম স্থানটি দখল করেন যথাক্রমে অস্ট্রেলিয়া ও ব্রাজিল। এবারের এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিহারের মেয়ে শিল্পা সিং। সেরা দশের মধ্যে জায়গা করতে না পারলেও সেরা ১৬-এর তালিকায় ছিলেন তিনি।