রিয়েলিটি শো নিয়েই আছেন ফেরদৌস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
চিত্রনায়ক ফেরদৌস না রিয়েলিটির বিচারক ফেরদৌস তা এখন বলা মুশকিল। কারণ এমনিতেই হাতে এখন ছবির সংখ্যা নেই বললেই চলে। নিজের প্রযোজনায় ‘এক কাপ চা’ ছবিটির কাজ শুরু হলেও তা কবে রিলিজ হবে তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। কারণ ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল এরই ভেতরে বেশ কয়েকটি তারিখের কথা বলেও আবার পরিবর্তন করেছেন। তাই ছবি পাড়ায় নতুন ছবির খবরে ফেরদৌসকে নিয়ে এখন আর ততটা আলোচনা নেই। সর্বশেষ জাকির খান নামের এক পরিচালকের ছবিতে নিরবের সাথে ফেরদৌসের অভিনয়টাই এখন তার ছবি পাড়ার একমাত্র খবর। এদিকে শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক হলেও সেখানেও কোনো সাফল্যের রেকর্ড নেই। এই অবস্থায় ফেরদৗসকে একটি মাধ্যমেই খুব নিয়মিত দেখা যাচ্ছে তা হলো বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শোতে। বিভিন্ন ধরনের রিয়েলিটি শোতে দীর্ঘদিনের শিডিউল মেলানো ব্যস্ত তারকাদের জন্য কঠিন হয়ে পড়ে সে ক্ষেত্রে ফেরদৌসের শিডিউলে তেমন একটা সমস্যা না হওয়ায় এই মাধ্যমের পরিচালকদের কাছে তিনি এখন প্রিয় নাম। সম্প্রতি একটি স্যাটেলাইট চ্যানেলের রিয়েলিটি শোয়ের পরিচালক বলেন, ‘রিয়েলিটি শোয়ের ক্ষেত্রে টানা শিডিউল মেলানো ব্যস্ত অভিনেতাদের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এ কারণেই এ ধরনের শোতে ফেরদৌসকে আমরা নির্ঝঞ্ঝাট মনে করি।’
তবে পরিচালক মারফত জানা যায় আগামী বৈশাখে ফেরদৌস প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।