সিআইপি সম্মাননা পেলেন ৩৫ শিল্পোদ্যোক্তা

২০১২ সালে দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উত্পাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতির জন্য ৩৫ জন শিল্পোদ্যোক্তাকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) সম্মাননা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আনুষ্ঠানিকভাবে সিআইপিদের মাঝে এই সম্মাননা তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সাবেক সভাপতি এ কে আজাদ প্রমুখ। সিআইপি সম্মাননাপ্রাপ্তরা আগামী এক বছর বিশেষ সুবিধা পাবেন। বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র, সরকারের নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদাদের জন্য আমন্ত্রিত হবেন। দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি আকরাম উদ্দিন আহমেদ বলেন, এদেশে ব্যবসায়ীদের অনেক প্রতিকূলতার মধ্যে ব্যবসা করতে হয়। মোকবেলা করতে হয় অনেক ষড়যন্ত্র। পৃথিবীর অনেক দেশে হাজার হাজার শ্রমিক মারা গেলেও কোন খবর হয় না। অথচ এদেশে দুই জন শ্রমিক মারা গেলেই নানা রকম প্রচার শুরু হয়। এফবিসিসিআইসি এর সাবেক সভাপতি এ কে আযাদ বলেন, চাহিদানুযায়ী জ্বালানী সরবরাহ করা সম্ভব হলে রপ্তানী আয় ২৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৫০ বিলিয়ন ডলার হবে। শিল্প মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সিআইপি (শিল্প) নির্বাচনকালে শিল্প মন্ত্রণালয়ের বাছাই কমিটি সিআইপি (শিল্প) নীতিমালা-২০০৮ এর মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শিল্পক্ষেত্রে বর্তমান সরকারের সময় তার মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য শিল্প প্লটের চাহিদা মেটাতে মিরসরাইয়ের ইছাখালী চর এবং আশপাশের ৪৯ হাজার একর খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে দিয়ারা জরিপ চলছে। সিরাজগঞ্জে ৪শ একর জমির ওপর বিসিক শিল্প পার্ক, মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্প পার্ক, বাউশিয়ায় গার্মেন্টস শিল্প পার্ক, কেরানীগঞ্জে প্লাস্টিক শিল্পনগরী, কুষ্টিয়ার কুমারখালীতে বিসিক স্পেশাল ইকোনোমিক জোন (টেক্সটাইল), মিরসরাই বিসিক শিল্পনগরী, কুমিল্লা শিল্পনগরী-২ ও গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। সিআইপি সম্মাননাপ্রাপ্তদের এই সম্মাননা পাওয়ার মাধ্যমে দায়িত্ব আরো বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কী দিয়েছে সেদিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে কাজ করতে হবে। সিআইপি (শিল্প) সম্মাননা পেলেন যারা পদাধিকার বলে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের মধ্য থেকে আটজন এই সিআইপি মর্যাদা পাচ্ছেন। তারা হলেন:এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, আইসিসিআইয়ের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, নাসিবের সভাপতি শেখ আবদুস সোবহান, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান এবং বিজেএসএর সভাপতি মোহাম্মদ শামস উজ জোহা। বৃহত্ শিল্প ক্যাটাগরিতে সিআইপি মনোনীতরা হলেন:বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, বিআরবি ক্যাবলের এমডি পারভেজ রহমান, ইউনিভার্সেল জিনসের এমডি নাসিরউদ্দীন, এনভয় টেক্সটাইলের এমডি আব্দুস সালাম মুর্শেদী, এমআরএস ইন্ডাস্ট্রিজের এমডি শামসুর রহমান, পাহাড়তলী টেক্সটাইলের এমডি মির্জা সালমান ইস্পাহানী, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, পলো কম্পোজিটের এমডি এম এ জলিল, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, জিনস ২০০০-এর পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি সাখাওয়াত হোসেন। মাঝারি শিল্প ক্যাটাগরিতে যে ছয়জন সিআইপি মর্যাদা পেলেন তারা হলেন:এসিআই ফরমুলেশনসের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, চিটাগাং ডেনিমের এমডি মোস্তাফিজুর রহমান, কিয়াম মেটালের এমডি মিজবার রহমান, এসরোটেক্সের এমডি মোহাম্মদ আসাদুল ইসলাম, ল্যান্ডমার্ক ফেব্রিক্সের চেয়ারম্যান দিপক ভৌমিক এবং মীর সিরামিকের এমডি মীর নাসির হোসেন। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে সিআইপি মর্যাদাপ্রাপ্তরা হলেন:এফবি ফুটওয়্যারের এমডি অনিরুদ্ধ কুমার রায়, জেম জুটের মালিক কাজী নাবিল আহমেদ ও ফার সিরামিকসের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ফরহাদ। মাইক্রো ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে সিআইপি মনোনীতরা হলেন:বিআরবি পলিমারের এমডি মজিবর রহমান ও আরমর গার্মেন্টসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। সেবাশিল্প শ্রেণীতে সিভিল ইঞ্জিনিয়ার্সের এমডি আতিকুর রহমান, ইসলামিয়া আই হসপিটালের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানী ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের এমডি আবদুল আউয়াল।