শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৫১
গতকাল শেয়ারবাজারের সূচক কমলেও লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাজার যেভাবে ওঠানামা করছে বাজারের আচরণ এমনই হওয়া উচিত। তবে শঙ্কার বিষয় হচ্ছে লেনদেনের পরিমাণ এখনও আড়াইশ’ কোটি টাকার নিচে। বাজারকে স্থিতিশীল করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি লেনদেনের পরিমাণ বাড়াতে হবে। আস্থার সঙ্কট কেটে গেলেই লেনদেনের পরিমাণ বাড়বে বলে মনে করেন তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৩ হাজার ৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে ২৬৪টি কোম্পানির ৬ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ১৫৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৯২৯ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৬৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এনভয় টেক্সটাইল ও ন্যাশনাল ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, জিবিবি পাওয়ার, মডার্ন ডাইয়িং, বেক্সিমকো, রেনউইক যজ্ঞেশ্বর, এপেক্স ফুডস, রেনেটা, ইবনে সিনা, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ৬ষ্ঠ আইসিবি, বঙ্গজ, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ১ আইসিবিএ, এটলাস বাংলা, আইসিবি এএমসিএল ২য়, যমুনা ব্যাংক, এপেক্স স্পিনিং, এমটিবিএল ও আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ৯৮৩ পয়েন্টে নেমে আসে। এদিন বাজারে মোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ ৩৭ হাজার ৩৯১ টাকা। লেনদেনকৃত ১৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ারের।