ফতুল্লায় গার্মেন্টসে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৫১
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গত বুধবার একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ফতুল্লা শিল্পাঞ্চলের শিবু মার্কেট এলাকায় মোতালেব মনোয়ারা গার্মেন্টসে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিকেএমইএ-এর লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, মোতালেব মনোয়ারা গার্মেন্টসে গত সোমবার ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন শ্রমিকরা দাবি তোলেন— আগুনের সূত্রপাত হলেও কারখানার মালিকপক্ষ গেট খোলা রাখেনি। এ নিয়ে গত ৩ দিন ধরে কারখানার ভেতরে উত্তেজনা বিরাজ করছিল।
এ ঘটনায় গার্মেন্টস মালিক ৫ শ্রমিককে শনাক্ত করে যারা শ্রমিকদের উস্কানী দিচ্ছিল। গার্মেন্টস প্রবেশের মূল ফটকে ওই ৫ শ্রমিককে প্রবেশে বুধবার সকালে প্রহরীরা বাধা দেয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একই সময়ে তারা বেতন বৃদ্ধির দাবিও জানান। শ্রমিকদের বাধা দিলে তারা কারখানার ভেতরেই ভাংচুর করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা কারখানার উপর থেকে পুলিশকে লক্ষ্য করে কাচের টিউব লাইট, ড্রামসহ বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারে। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।