ফিদা আলী ইনস্টিটিউট ধ্বংসের দ্বারপ্রান্তে
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৪
নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে শহরের ইসলামবাগ এলাকায় ১৯৪০ স্থাপিত ফিদা আলী ইনস্টিটিউট। কর্তৃপক্ষের অবহেলা ও চরম উদাসীনতায় ঐতিহ্য ও সম্পত্তি হারাতে বসেছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার চতুর্থ শ্রেণির কর্মচারিদের চিত্তবিনোদনের জন্য প্রায় ১০ একর জমির উপর ফিদা আলী ইনস্টিটিউট স্থাপিত হয়। রেলওয়ে কারখানার চতুর্থ শ্রেণির কর্মচারিদের অধিকাংশের আবাসস্থল শহরের ইসলামবাগ তথা খালাসি মহল¬ায়। কারখানার এসব কর্মচারি কাজের শেষে চিত্তবিনোদনের পাশাপাশি শিল্প-সাহিত্য চর্চা পাঠাগারের জন্য নির্মিত হয় বিরাট মিলনায়তন ভবন। চিত্তবিনোদনের জন্য কালের সাক্ষি ফিদা আলী ইনস্টিটিউটের বিশাল ভবনটি অযত্ন-অবহেলায় আজ পরিত্যক্ত। বাদ্যযন্ত্র ঢোল, তবলা, হারমোনিয়াম, মাইক, অভিনেতা-অভিনেত্রীদের পোশাক-আশাক যত্নের অভাবে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। প্রায় এক একর জমির উপরে পুকুর, ফুটবল খেলার মাঠ সবই বেদখলে। স্থানীয় প্রভাবশালীরা রেলওয়ের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারির যোগসাজশে সবই আত্মসাত্ করতে চলেছে। জমি ও মাঠ দখল করে ভোগ করলেও প্রতিবাদ করার কেউ নেই। দিনে দিনে খোয়া যাচ্ছে ইনস্টিটিউটের মূল্যবান সম্পদ। এলাকাবাসী অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে রেলওয়ে কর্তৃপক্ষসহ প্রভাবশালী রাজনীতিবিদদের হস্তক্ষেপ কামনা করেছেন।