উখিয়ায় কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৭
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নে চলমান হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের ৫শ’ শ্রমিকের টাকা লুটপাটের ঘটনায় স্থানীয় ৪ জন ইউপি সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি দমন বিভাগে অভিযোগ করেছেন।
জানা গেছে, কর্মসৃজন প্রকল্পের নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা আহবান না করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান অপরাপর ইউপি সদস্য ও সচিবসহ তাদের মনগড়া কমিটি দেখিয়ে কাজ শুরু করে। ইউপি সদস্য মাওলানা শামশুল আলম জানান, ৫শ শ্রমিক নিয়োগ দেয়া হলেও প্রকৃতপক্ষে ২শ শ্রমিক দিয়ে ৯টি প্রকল্পে কাজ করানো হচ্ছে। বাকি ৩শ শ্রমিকের ভুয়া উপস্থিতি ও স্বাক্ষর দিয়ে তাদের একাউন্ট থেকে দৈনিক সাড়ে ৫২ হাজার টাকা চেয়ারম্যান, প্রকল্প কমিটির সভাপতি লুটপাট করে আত্মসাত্ করছেন।