সোনাগাজী আওয়ামী লীগের সম্মেলন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৯
বিপুল উত্সাহ-উদ্দীপনা ও টান-টান উত্তেজনাপূর্ণ পরিবেশে বুধবার দীর্ঘ ৯ বছর পর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোনাগাজী মোঃ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নবনির্বাচিত কমিটির সদস্যরা গোপন ব্যালটের ২২৫ জনকে কাউন্সিলর নির্বাচিত করেন। সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ২নং বগাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ফয়েজুল কবির ১১৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি হাজী রহিম উল্লাহ পেয়েছেন ১০৮ ভোট। অপর প্রার্থী শেখ সেলিম পেয়েছেন মাত্র ৪ ভোট।
অপরদিকে সম্পাদক পদে রফিকুল ইসলাম খোকন ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আলম পেয়েছেন ৫১ ভোট। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উক্ত মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনামের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারমান সামছুল আরেফিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ সোনাগাজী আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবিএম তালেব আলী। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।