বেগমগঞ্জের পরিত্যক্ত গ্যাস ফিল্ডে
খননের উদ্যোগ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১১
বেগমগঞ্জের পরিত্যক্ত গ্যাসফিল্ডে দুইযুগ পর বাপেক্স জরিপ চালিয়ে গ্যাস প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হয়ে পুনঃখননের উদ্যোগ নিয়েছে। প্রাপ্ত গ্যাস উত্তোলন করলে লাভজনক হবে। আগামী ২/৩ মাসের মধ্যে কূপ খননের কাজে হাত দেয়া হবে জানা গেছে। জানা যায়, ১০নং গ্যাস ব্লকের আওতাধীন বেগমগঞ্জ গ্যাসফিল্ড পরিত্যক্ত ঘোষণার দুইযুগ পর ২০০৬ সালে বাপেক্স, বিজিএফসিএল ও এসজিএফএল এর মধ্যে পুনরায় কূপ খননের চুক্তি হলেও বাণিজ্যিকভাবে লাভজনক হবে না ভেবে বাপেক্স ছাড়া বাকী দু’টি সংস্থা সরে যায়। ঐ সময় ধারণা করেছিল পরিত্যক্ত গ্যাস ফিল্ডে গ্যাসের পরিমাণ ০.০৬ ট্রিলিয়ন ঘনফুট। এরপর বাপেক্স ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে বেগমগঞ্জ গ্যাস ফিল্ডে ০.১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা উত্তোলন করলে লাভজনক হবে। এরই প্রেক্ষিতে বাপেক্স বেগমগঞ্জ পরিত্যক্ত গ্যাস ফিল্ডে পুনঃখননের সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে বাপেক্স এর দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, মাঝারি আকারের এ ফিল্ডের গ্যাস বাণিজ্যিকভাবে লাভজনক হবে। বর্তমানে ভূমি উন্নয়নের কাজ চলছে। ফেব্রুয়ারি/মার্চ মাসের মধ্যে কূপ খননের কাজ আরম্ভ হবে। যে কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হযেছিল সে কূপের ১০০ ফুটের মধ্যে নতুন করে কূপ খনন করা হবে।