বগুড়ায় রেক্কাতের খুনীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খায়রুল আনাম রেক্কাত হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে ঘোষিত ৫দিনের কর্মসূচী পালন করছে শহর স্বেচ্ছাসেবক লীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার মানব বন্ধন, শুক্রবার মিলাদ মাহফিল, শনিবার স্বারকলিপি পেশ, রবিবার শহরে বিক্ষোভ মিছল ও সমাবেশ, সোমবার শহরের জিরো পয়েন্ট সাতমাথা অবরোধ। এই কর্মসূচীর প্রথম দিনে গতকাল শহরের সাতমাথায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বলা হয়েছে ৩০ ডিসেম্বরের মধ্যে খুনীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুসহ স্বেচ্ছাসেবক লীগের শহীদুল ইসলাম বাপ্পী, সাজেদুর রহমান শাহীন, জুলফিকার রহমান শান্ত, রায়হান শেখ, সৈয়দ বকুল হোসেনসহ প্রমূখ। উল্লেখ্য গত ১৭ নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দূবৃর্ত্তদের গুলিতে নিহত শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খায়রুল আনাম রেক্কাত নিহতের ঘটনায় গত ১৮ নভেম্বর বগুড়া সদর থানায় ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন রেক্কাতের পিতা।