আবাহনী-শেখ রাসেলের বড় লড়াই আজ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
দশ পয়েন্ট করে নিয়ে আবাহনী এবং বিজেএমসি লিগ টেবিলের শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র শিরোপার লক্ষ্য নিয়ে এবার লিগ অভিযান শুরু করলেও গত তিন ম্যাচে ভালো খেলেনি। দলটি বিজেএমসি এবং মুক্তিযোদ্ধাকে কোনো রকমে ১-০ ব্যবধানে হারিয়েছে। আর মোহামেডানের কাছে নাস্তানাবুদ হয়ে ৩-১ গোলে হারে তারা। মোহামেডান এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বাজে পারফরম্যান্সের কারণে শেখ রাসেল শিবিরে হতাশা নেমে আসে। এই অবস্থায় শেখ রাসেল আজ শুক্রবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় এক খেলায় আবাহনীর মুখোমুখি হতে হচ্ছে।
বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
ফেডারেশন কাপ ফুটবলে শেখ রাসেলের খেলা যতটা উত্তেজনা ছড়িয়েছিল তা দেখা যায়নি লিগের গত তিন ম্যাচে। জাতীয় দলের আট খেলোয়াড় আছেন এই দলে। তারপরও ফুটবল ছন্দ বা আকর্ষণ করার মতো কিছু ছিল না এমিলি মিঠুনদের খেলায়।
শেখ রাসেল কোচ মারুফুল হক বলছেন,‘ছন্দ না থাকলেও আমরা দুটি ম্যাচ জিতেছি। উইন দরকার সেটা পেয়েছি। তাই বলে আমরা পুরো দলের পারফরম্যান্সে সন্তুষ্ট না।’ তবে আজ ছন্দময় ফুটবল উপহার দিয়ে আবাহনীর বিরুদ্ধে ম্যাচ জিতে নিজেদের খেলায় ফিরতে চাইছে শেখ রাসেল। নিজেদের খেলা মানে ফেডারেশন কাপে যেমনটা খেলেছে। কিন্তু দলটি কোনো ডিপার্টমেন্টে ভালো খেলছে না। খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। একটা ম্যাচ ভালো খেললে বিশ্বাসটা ফিরে পাবে বলে মনে করছেন কোচ।
পরিসংখ্যানে দেখা যায় আবাহনী ও শেখ রাসেল পেশাদার ফুটবল লিগের গত পাঁচটি আসরে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আবাহনী জিতেছে সাতবার। দুইবার ড্র আর শেখ রাসেল জিতেছে একবার। সেই জয়টা ছিল ২০১০ সালের লিগের ফিরতি পর্বে, ১-০ ব্যবধানে পাওয়া। গত লিগের প্রথম পর্বে আবাহনী ১-০ গোলে জিতলেও ফিরতি পর্বে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়। উভয় দলের কথা বলে বোঝা যায় পরিসংখ্যান মাথায় রেখে আবাহনী কিংবা শেখ রাসেলের খেলোয়াড়রা মাঠে নামার চিন্তা করছে না। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর ইরানী কোচ আরদেশীর পুরনামাথ বরাবরই বাস্তবতা নিয়ে ভাবতে রাজি। অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবছেন না এই ইরানী। দায়িত্ব গ্রহণ করার পর তিনি আবাহনীর খেলার ধারা পরিবর্তন করতে চাইছেন। যদিও তিনি বলেন, ‘আমি যেভাবে চাই সেভাবে হচ্ছে না। সেটা হবে। দর্শকরা দেখতে পাবেন।’ জানা গেছে, আরদেশীর পুরনামাথ এ ম্যাচটিসহ সামনের খেলাগুলোকে মাথায় রেখে প্রচুর হোমওয়ার্ক করেছেন। তিনি আজ শেখ রাসেলকে বড় দল মনে করেই খেলোয়াড়দের কাছ থেকে সেরা খেলাটা আদায় করে নিতে চাইছেন। গতকাল বিকালেও তিনি শেষবারের মতো তার শিষ্যদের দেখিয়েছেন ফুটবল কৌশল। আক্রমণ ঠেকানো আর প্রতিপক্ষকে ঘায়েল করার অনুশীলন করিয়েছেন।
কাগজে কলমে আবাহনী শেখ রাসেল দুই দলই শক্তিশালী। তবে মাঠের পারফরম্যান্স পার্থক্য গড়ে দেবে। ফুটবল দর্শকরা আশা করছেন আজ ছুটির দিনে একটি ভালো খেলা দেখা যাবে।