সাকিব নন, ইমরান!
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
দৃশ্যত সাকিব আল হাসান এবারের বিপিএলের সর্বোচ্চ দরে বিক্রি হওয়া ক্রিকেটার। কিন্তু ভেতরের হিসাব-নিকাশ বলছে, সাকিব নন আসছে বিপিএল থেকে সবচেয়ে বেশি আয় করবেন ইমরান নাজির। এর কারণ, বিপিএলের বিশেষ আইন। এই আইন অনুযায়ী ফ্লোর প্রাইসের ওপরে যে টাকা নিলামে উঠবে, তার মাত্র ৩০ শতাংশ পাবেন খেলোয়াড়। আর বিদেশি খেলোয়াড়দের ফ্লোর প্রাইস বেশি হওয়ায় তারা এগিয়ে থাকছেন এদিক থেকে। ফলে মূল পারিশ্রমিক প্রাপ্তিতে সেরা তিনটি স্থানেই রয়েছেন বিদেশি খেলোয়াড়রা। সাকিবের অবস্থান চতুর্থ।
সাকিবের নিলাম হয়েছে দেশি-গোল্ডেন ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির খেলোয়াড়দের বেস প্রাইস হচ্ছে ৪৫ থেকে ৭০ হাজার। আর ইমরান নাজির, শহীদ আফ্রিদির নিলাম হয়েছে বিদেশিদের গোল্ডেন ক্যাটাগরিতে। এক্ষেত্রে বেস প্রাইস হচ্ছে ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলার।
বিসিবির নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় ভিত্তি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি হলে সেক্ষেত্রে ভিত্তিমূল্য বাদ দিয়ে অতিরিক্ত অর্থের মাত্র ৩০ শতাংশ খেলোয়াড় পাবে। বাকি ৭০ শতাংশের মধ্যে বিসিবি পাবে ৬০ শতাংশ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বাকি ১০ শতাংশ অর্থ পাবে।
সাকিবকে ঢাকা গ্ল্যাডিয়েটরস কিনেছে ৩ লাখ ৬৫ হাজার ডলারে। সেক্ষেত্রে সর্বোচ্চ বেস প্রাইস ৭০ হাজার ডলারের পর বাকি অর্থের ৩০ শতাংশ তিনি পাবেন। ফলে সবমিলিয়ে তিনি পারিশ্রমিক পাচ্ছেন ১ লাখ ৫৮ হাজার ৫০০ ডলার। অন্যদিকে নিলামে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন ইমরান নাজির, শহীদ আফ্রিদি ও আজহার মেহমুদ। বেস প্রাইস স্থানীয়দের তুলনায় বেশি হওয়ায় ইমরান নাজির সবমিলিয়ে পারিশ্রমিক পাচ্ছেন ১ লাখ ৮৯ হাজার ডলার। এছাড়া আফ্রিদি ১ লাখ ৮৭ হাজার ডলার এবং আজহার মেহমুদ প্রায় ১ লাখ ৬৭ হাজার ডলার পাবেন।