লিডসকে বিধ্বস্ত করলো চেলসি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থাটা বিশেষ সুবিধার না হলেও ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচে দারুণ এক জয়ে নিজেদের জাত চেনালো চেলসি। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও কোচ রাফায়েল বেনিতেজের দল ৫-১ গোলে বিধ্বস্ত করে লিডস ইউনাইটেডকে।
তবে, ম্যাচের প্রথমার্ধে চেলসি দলকে মাঠের খেলায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। লুসিয়ানো বেচিয়েনোর দেয়া প্রথমার্ধের গোলে অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে লিডস ইউনাইটেড দল। তবে, তাদের সেই স্বপ্ন ধূলিসাত্ হতে সময় লাগেনি। স্প্যানিশ তারকা মিডফিল্ডার হুয়ান মাতা চেলসির হয়ে গোলের সূচনা করেন। এরপর ব্রানিস্লেভ ইভানোভিচ, ভিক্টর মোজেস, ইডেন হ্যাজার্ড ও ফার্নান্দো টোরেসের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজ দল।
প্রথমার্ধের ৩৭ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ বলের দখল হারালে প্রথম গোলের সুযোগ পায় লিডস। সেই যাত্রায় জেরেমি থমাসের পাস থেকে গোল করতে ভুল করেননি বেচিও। এক গোলের সুবাদে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লিডস।
পরাজয়ের শঙ্কা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি চেলসিকে। ভিক্টর মোজেসের বাড়িয়ে দেয়া বল থেকে ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরান হুয়ান মাতা। এই একটি গোলই ম্যাচের চেহারা পাল্টে দেয়। ৬৪ ও ৬৬ মিনিটে পর পর দুটি গোল করে বিপক্ষ দলের কাছ থেকে ম্যাচ বের করে আনে গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের নেয়া কর্নার থেকে চোখ ধাঁধানো এক হেডে গোল করে প্রথমবারের মতো দলকে এগিয়ে নেন ব্রানিস্লেভ ইভানোভিচ। এর দুই মিনিট বাদে নাইজেরিয়ার ভিক্টর মোজেসের সৌজন্যে তৃতীয় গোলের দেখা পায় চেলসি।
এরপর আর ম্যাচে পিছনে ফিরে তাকাতে হয়নি চেলসিকে। ৮১ মিনিটে লুইজের দুর্দান্ত এক পাস পাস থেকে গোল করেন বেলজিয়ান প্লে মেকার ইডেন হ্যাজার্ড। ৪-১ গোলে এগিয়ে লন্ডনের দলটি। এর তিন মিনিট বাদে লিডস ইউনাইটেডের কফিনে শেষ পেড়েকটি ঠুকে দেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো টোরেস।
হতাশা কাটানো এক জয়ের পর চেলসি দলে এখন বইছে স্বস্তির সুবাতাস। ম্যাচ শেষে সেই সুবাতাস ল্যাম্পার্ডকেও খানিকটা ছুঁয়ে গেলো। জানালেন, ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জয় করতে মুখিয়ে আছে তার দল। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘সকল শিরোপা জয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই টুর্নামেন্টকেও আমরা যথেষ্ট গুরুত্বের সাথেই নিচ্ছি। আমাদের সামনে বেশ কঠিন একটি সেমিফাইনাল অপেক্ষা করছে। সেই ম্যাচেও আমরা ভালো ফুটবলের ধারা বজায় রাখতে চাই।’
ম্যাচের ব্যাপারে এই ইংলিশ তারকা বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো ফুটবল খেলতে পারিনি। আমাদের খেলার গতিতেও সমস্যা ছিল। নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে আমাদের। তবে, সময়ের সাথে সাথে আমরা ম্যাচটা নিজেদের করে নেই।’
সেমিফাইনালে চেলসি দলের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের দল সোয়ানসি সিটি। দুই লেগের সেমিফাইনালের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী সাত জানুয়ারি। একই দিনে অপর সেমিফাইনালে লড়বে অ্যাস্টন ভিলা ও ব্যাডফোর্ড সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। চেলসি’র স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজ বলেন, ‘সেমিফাইনালে পৌঁছে যাওয়া যেকোন দলই ভালো ফুটবল খেলে। তাই সোয়ানসি সিটিকে হালকাভাবে নেয়ার কোন কারণ নেই। কোয়ার্টার ফাইনালে আমরা নিজেদের ফুটবল মানসিকতার পরিচয় দিয়েছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা সত্যিকার অর্থেই ছিল দর্শনীয়।’