আফ্রিদিকে ওয়ানডে দলে চান মিসবাহ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৪১
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়েছেন ভারত সফরের ওয়ানডে দলে অল রাউন্ডার শহীদ আফ্রিদীকে বিবেচনা করা হতে পারে। ভারত সফরকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের চলমান অনুশীলন ম্যাচে আফ্রিদী তার ফর্ম প্রমাণ করেছেন। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে নির্বাচকদের সামনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ভারতের বিপক্ষে ওয়ানডে দলে না হলেও টোয়েন্টি-২০ দলে পাকিস্তানী নির্বাচকরা আফ্রিদীর উপর আস্থা রেখেছেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ শেষে মিসবাহ বলেছেন, তার ফর্ম যদি এমন থাকে এবং আমাদের যদি মনে হয় দলে তার প্রয়োজন রয়েছে তবে অবশ্যই আমরা তাকে বিবেচনা করব। দলের সিনিয়র খেলোয়াড় যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে তারা যদি ফর্মে থাকে তবে সেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিদীর মত সিনিয়র খেলোয়াড়রা যদি নিজেদের পারফরমেন্স দেখাতে পারে তবে সেটা পাকিস্তানের জন্য ভাল।
শ্রীলংকায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত টোয়েন্টি-২০ বিশ্বকাপে আফ্রিদী নিজের ফর্ম প্রমাণে ব্যর্থ হয়েছিলেন। সেখানে ৬ ম্যাচে ৬.০০ গড়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। আর ৪২.৭৪ গড়ে দখল করেছিলেন ৪টি উইকেট। সব ধরনের ফর্মেটে গত ১২টি আন্তর্জাতিক ম্যাচে তার ব্যাটিং গড় মাত্র ৬.৩০। সদ্য সমাপ্ত ঘরোয়া টোয়েন্টি-২০ আসরেও তিনি কোন সাফল্য দেখাতে পারেননি। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পের দুটি অনুশীলন ম্যাচে তিনি নিজেকে মেলে ধরতে মরিয়া ছিলেন।-বাসস