সন্ত্রাসীদের চাপাতির কোপে সালথায় ইউপি চেয়ারম্যান আহত

পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা সোনাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ওরফে হবিকে (৫৫) গতকাল বৃহস্পতিবার সকালে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে হাবিবুর রহমান সোনাপুর বাজার থেকে কাঁচা বাজার নিয়ে বাড়ি ফেরার পথে নগরকান্দা-ময়েনদিয়া সড়কের আতিক মোল্লার বাড়ি নামক স্থানে ওত পেতে থাকা কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার গতিরোধ করে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে পুকুরের মধ্যে ফেলে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাবিবুরের পরিবারের অভিযোগ, তাকে প্রতিপক্ষের বর্তমান চেয়ারম্যান জাফর মোল্লার নেতৃত্বে তার ভাই কালু মোল্লা ও সহযোগী ফরিদ মোল্লা, তোতা, ইউসুফ সরদার ও ফারুকসহ ১০/১২ জন হাবিবুরকে কুপিয়েছে। এদিকে বর্তমান ইউপি চেয়ারম্যান জাফর মোল্লা বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। তবে হামলার ঘটনা সত্য। সালথা থানা অফিসার ইনচার্জ আফছার উদ্দীন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।