ইসলামী রাজনীতি উত্খাতের ষড়যন্ত্র সহ্য করা হবে না

ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী রাজনীতি তথা ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে কিনা তার সিদ্ধান্তের জন্য সংসদে সিদ্ধান্ত নেয়ার কোন অধিকার নেই। যদি গায়ের জোরে ইসলামী রাজনীতির ব্যাপারে কোন প্রকার সিদ্ধান্ত নেয়া হয় তা হবে সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ। ইসলামী রাজনীতি উত্খাতের ষড়যন্ত্র করলে তা কখনো সহ্য করা হবে না। এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, ‘ইসলামী রাজনীতি থাকবে কিনা সংসদ সিদ্ধান্ত নিবে’ বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সরকার দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নে ইসলামী রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত করছে। সরকারকে বলতে চাই, ধৈর্যের সীমা ভাঙবেন না। বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চাইছে। এদেশে সমাজতন্ত্র ও কমিউনিস্ট থাকলে ইসলামী রাজনীতি কেন থাকবে না। আসলে ইসলামের বিরুদ্ধে গাত্রদাহের কারণে ইসলামী রাজনীতি-বোরকার বিরুদ্ধে সরকার ও কমিউনিস্টরা উঠে পড়ে লেগেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। বাংলাদেশেও ইসলামী রাজনীতি থাকবে। "প্রেস বিজ্ঞপ্তি