রফতানি ভর্তুকির ৭০ শতাংশ অগ্রিম দেয়ায় বাধা অপসারণ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:০২
রফতানির বিপরীতে সরকারের দেয়া ভর্তুকি বা নগদ সহায়তার ৭০ শতাংশ অগ্রিম পরিশোধের যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তের কারণে রফতানি ভর্তুকি বা নগদ সহায়তা বাবদ প্রাপ্য অর্থ যথাসময়ে পরিশোধের লক্ষ্যে এ খাতের জন্য বরাদ্দ করা অর্থ ৪টি সমান কিস্তিতে প্রত্যেক ত্রৈমাসিকের প্রথম সপ্তাহে ছাড় করা হবে। এই সিদ্ধান্তের ফলে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক রফনিকারককে ভর্তুকি বা নগদ সহায়তা বাবদ ৭০ শতাংশ অগ্রিম প্রদানের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। তবে এ বিষয়ে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একটি ঋণপত্রে বা রফতানি চুক্তিপত্রের বিপরীতে ভিন্ন ভিন্ন চালানের মাধ্যমে রফতানির বিপরীতে সর্বশেষ মূল্য প্রত্যাবাসনের ১৮০ দিনের মধ্যে আবেদন করা যাবে। আগে প্রথম মূল্য প্রত্যাবাসনের ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হতো।