হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান আজ শুরু

উপমহাদেশের বিশিষ্ট গণশিল্পী, সুরকার ও শিল্পী সংগ্রামী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার মিরাশী গ্রামে জন্মগ্রহণ করেন। আজ শুক্রবার বিকাল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করবেন হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ পর্ষদের আহ্বায়ক কামাল লোহানী। উদ্বোধনের পর পরিবেশিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান। আগামীকাল শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেমিনার। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। আলোচনা করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও মহসিন শস্ত্রপাণি। সভাপতিত্ব করবেন কামাল লোহানী এবং বিকাল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান। ২৩ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মুক্তমঞ্চে পরিবেশিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান। ২৪ ডিসেম্বর সোমবার হবিগঞ্জের চুনারুঘাট থানার মিরাশী গ্রামে হেমাঙ্গ বিশ্বাসের পৈতৃক বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লাঠিখেলা, আলোচনা ও হেমাঙ্গ বিশ্বাসের গান।