বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রধানমন্ত্রীকে হত্যার টার্গেট করেছে যুদ্ধাপরাধীরা

যুদ্ধাপরাধীদের বিচার ‘বানচালের’ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার টার্গেট করা হয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। তিনি আরো জানান, দেশে প্রায় দেড় লাখ মুক্তিযোদ্ধার নাম লিপিবদ্ধ করা হয়েছে এবং তাদের সম্মানী ভাতা দুই হাজার টাকা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা ও মুন্সী আব্দুর রউফের ভাই মুন্সী আইয়ুব আলী সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এছাড়া বীর উত্তম সালাউদ্দিনের স্ত্রী সালমা বেগমসহ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।