ছায়ানটে শুদ্ধ সঙ্গীত উত্সব
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:১৭
ছায়ানট আয়োজিত দু’দিনব্যাপী শুদ্ধ সংগীত উত্সবের উদ্বোধনী পর্বে শিল্পীদের পরিবেশনায় শ্রোতার হূদয় আপ্লুত হলো সুরের ধারায়। শাস্ত্রীয় সংগীতের প্রসার ঘটানোর লক্ষ্যেই ছায়ানট নিয়মিতভাবে প্রতিবছর আয়োজন করে চলেছে এ উত্সবের।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে ছায়ানটের দু’দিনের শুদ্ধ সঙ্গীত উত্সব। উত্সর্গ করা হয়েছে সদ্য প্রয়াত পণ্ডিত রবি শংকরকে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শুদ্ধ সঙ্গীতের শুদ্ধ সুরে মন্ত্রমুগ্ধ ছিলেন মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা। আজ শুক্রবারও থাকছে এ উত্সব। আজ হবে দুটি অধিবেশন। সকাল ৯টা থেকে বেলা ১টা। আবার সন্ধ্যা ৭টা থেকে রাতভর।
ছায়ানটের মূল মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় এ উত্সবের উদ্বোধন করার কথা ছিলো সঙ্গীতগুণী মদনগোপাল দাশের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার লিখিত বক্তব্য পাঠ করে উত্সবের উদ্বোধন হয়। বক্তব্যটি পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানট সভাপতি ড. সন্জীদা খাতুন। এর আগে পণ্ডিত রবি শংকর সম্পর্কে কথনে অংশ নেন ছায়ানটের সঙ্গীতগুরু অসিত দে।
উত্সবের প্রথম অধিবেশনের শুরুতেই মঞ্চে আসে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। রেজোয়ান আলীর পরিচালনায় তারা পরিবেশন করে রাগ ভূপালী। এরপর পরাগ প্রতীম চক্রবর্তী পরিবেশন করেন রাগ ইমন। তাকে তবলায় পিনুসেন দাশ, হারমোনিয়ামে শান্তনু এবং তানপুরায় সহযোগিতা করেন তানভীর আহমেদ ও লায়েকা বশির। মাহমুদুল হাসান পরিবেশন করেন রাগ মারু বেহাগ। তার সঙ্গে ছিলেন তবলায় স্বরূপ হোসেন, হারমোনিয়ামে বিজন চন্দ্র মিস্ত্রী ও তানপুরায় কামরুল হক নাজমুল। শিল্পী প্রিয়াংকা গোপ পরিবেশন করেন রাগ পট্দীপ। তাকে তবলায় ইফতেখার আলম প্রধান ডলার, হারমোনিয়ামে বিজনচন্দ্র মিস্ত্রী এবং তানপুরায় সৈয়দা সানজিদা জোহরা বীথিকা ও সুকান্ত চক্রবর্তী সঙ্গত করেন। সবশেষে ছিলো মুম্বাইয়ের ওস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন ডাগরের রাগবীণা পরিবেশনা। তার সঙ্গে পাখোয়াজে মুম্বাইয়ের সঞ্জয় আগলে ও তানপুরায় ঢাকার আহসান হাবীব সঙ্গত করেন।
বদরুদ্দীন উমরের জন্মদিন উপলক্ষে ১০ দিনব্যাপী বই উত্সব
দেশের প্রখ্যাত লেখক বদরুদ্দীন উমরের ৮১তম জন্মদিন উপলক্ষে ১০ দিনব্যাপী তার লেখা বই নিয়ে বই উত্সব আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী। গতকাল বৃহস্পতিবার বিকালে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় শ্রাবণ প্রকাশনীতে এই বই উত্সব শুরু হয়েছে। জন্মদিন উপলক্ষে শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত বদরুদ্দীন উমর রচনা সংগ্রহ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। বদরুদ্দীন উমর বই উত্সবে তার লেখা রচনা সংগ্রহ দুই খণ্ডসহ প্রায় ৪০টির মতো প্রকাশনা স্থান পেয়েছে এই একক বইমেলায়।
সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় মঞ্চের অনুষ্ঠান
সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় মঞ্চে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনই রয়েছে মহান বিজয় দিবস স্মরণে নানা অনুষ্ঠান। গতকালও বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ পর্ব ও আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের কো চেয়ারম্যান মোঃ সালাম চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস, মুহাম্মদ আতা উল্লাহ খান, ব্যারিস্টার জাকির আহমেদ, রাজউক সচিব মোঃ রোকন উদ দৌলা, আ ক ম রুহুল আমিন, কবি আব্দুল খালেক, কে এম মুজিবুর রহমান মজনু, হারুণ অর রশিদ, মোঃ নূরুল ইসলাম, মোজাম্মেল হোসাইন খান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ওয়ান্ডার্স ভয়েস, সুরের বাঁধন ও আইসিডিএফের শিল্পীবৃন্দ।
আজ ‘বাংলালিংক বাংলাদেশ উত্সব’
আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক বাংলাদেশ উত্সব’। রমনা পার্কের বিভিন্ন স্থানে দিনব্যাপী এ উত্সব অনুষ্ঠিত হবে। উত্সবে তিনটি ভিন্ন ভিন্ন মঞ্চ স্থাপন করা হবে। এসব মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও ফকির লালন শাহ থেকে শুরু করে দেশজ ঐতিহ্যবাহী বিভিন্ন সঙ্গীত যেমন-ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি পরিবেশন করা হবে। উত্সবে বিশেষ আকর্ষণ থাকবে শিল্পী এসএম সুলতানের প্রতি উত্সর্গীকৃত সুদীর্ঘ ক্যানভাসের চিত্রকর্ম। এর পাশাপাশি আরো থাকছে ঐতিহ্যবাহী বলি খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পথের জাদুশিল্পী ইত্যাদি। পার্শ্ববর্তী লেকে আয়োজিত হবে নৌকা বাইচ। দিনশেষে সন্ধ্যায় থাকছে কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, বারী সিদ্দিকী, মিলন মাহমুদ, সাদী মোহাম্মদ, পারভেজ, এস আই টুটুল ও ফাতেমা তুজ জোহরা। আরো থাকছে ব্যান্ড দল লালন, দলছুট এবং মাকসুদ ও ঢাকার পরিবেশনা।