শাহজাদপুরে
স্কুলছাত্র খুন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:১৯
নিখোঁজ হওয়ার ১ দিন পর শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের সাহেব আলীর একমাত্র পুত্র আব্দুল্লাহর (১১) লাশ পাওয়া গেল বাড়ির পাশের এক জঙ্গলে। আব্দুল্লাহর পরিবারের বরাত দিয়ে শাহজাদপুর থানার এস আই আলাউদ্দিন জানান, একটি মসজিদ নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল্লাহ খুন হতে পারে। জানা গেছে, নিহত আব্দুল্লাহ স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহতের বাড়ি থেকে প্রায় ৫শ’ গজ দূরে নির্জন এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে কোন এক সময় এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। আব্দুল্লাহর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানায়, গ্রামের একটি মসজিদ নির্মাণের জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে সাহেব আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ গত ৯ ডিসেম্বর নিহতের দাদা এমান আলী সরদারকে পোরজনা বাজারে পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় এমান আলী ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ব্যাপারে সাহেব আলী প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে তারা আরও ক্ষীপ্ত হয়ে ওঠে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর থেকেই আব্দুল্লাহ নিখোঁজ হয়।