ইরাকের কোচ হতে চান ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা ইরাকের প্রধান ফুটবল কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। ম্যারাডোনার এজেন্ট ও তার যাবতীয় কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইলেভেনের হার্নান তোফানি এ কথা জানিয়েছেন। যদিও ইরাকের ফুটবল ফেডারেশন একে গুজব বলে উড়িয়ে দেয়। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা এ বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল ছাড়ার পর আর কোন দলের সঙ্গে যুক্ত হননি। অপরদিকে ব্রাজিলের আরেক কিংবদন্তী জিকো নভেম্বরে পদত্যাগ করার পর থেকেই শূন্য পড়ে আছে উপসাগরীয় দেশ ইরাকের প্রধান কোচের পদটি।ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এর পর থেকেই ইটালির ক্লাব নেপোলি ও বোকা জুনিয়র্সের একসময়ের তারকা খেলোয়াড় ম্যারাডোনাকে প্রধান কোচের পদে পেতে উদ্যোগী হয়। কেননা সাবেক আর্জেন্টাইন অধিনায়ককে পাওয়া গেলে তিনি ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমান ৯২তম অবস্থানে থাকা ইরাক ১৯৮৬ সালে একবারই কেবল বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল। কাকতালীয়ভাবে ম্যারাডোনা সেবার তার দেশকে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয়ের পথে নেতৃত্ব দেন। এদিকে তোফানি গোল ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন,“দুদিন আগে আমরা প্রস্তাবটি পেয়েছি এবং ডিয়েগো (ম্যারাডোনা) এ ব্যাপারে আগ্রহী। তিনি আবারও কোচিং করাতে চান তবে তার আগে আমাদের একটা চুক্তিতে পৌঁছাতে হবে যা কিনা উভয় পক্ষকেই সন্তুষ্ট করবে। তবে তিনি (ম্যারাডোনা) ও ফেডারেশন (আইএফএ) দু’পক্ষই এ ব্যাপারে আগ্রহী। আশা করছি আগামীকাল এবং রবিবারের মধ্যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।” তোফানি আরো জানান, আইএফএ’র মত হচ্ছে ম্যারাডোনার সাথে প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি করার। যদি তার ফলাফল আশানুরূপ হয় তাহলে উভয় পক্ষ চুক্তির মেয়াদ ২০১৪ বিশ্বকাপের শেষাবধি বাড়াতে পারে।