ফরিদপুরে ব্রিজের অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে কুমার নদীর উপরে রেল সেতুর পাশেই একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। কিন্তু সে দাবি পূরণ না হওয়ায় এলাকাবাসীকে জীবনের ঝুকি নিয়ে ভগ্নপ্রায় রেল সেতু দিয়েই পারাপার হতে হয়। স্থানীয় বাসিন্দারা জানালেন, ২৫ বছর ধরে ওই জায়গায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। এ ব্যাপারে বিভিন্ন সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো আমাদের প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দা মো. ছানোয়ার ব্যাপারী (৬৫) জানান, ব্রিটিশ আমলে হওয়া রেল ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় স্বাধীনতার পর পরই নতুন করে রেল ব্রিজটি করা হয়। সে থেকে রেল চালু থাকা অবস্থায় রেল ব্রিজ দিয়েই ঝুকি নিয়ে পারাপার শুরু করে এলাকার মানুষ। এরপর যখন রেল চলাচল বন্ধ হয়ে যায়, তারপর থেকে ব্রিজের উপর কাঠ পিটিয়ে এর উপর দিয়েই স্থায়ীভাবে যাতায়াত শুরু করে মানুষ। বর্তমানে শোভারামপুর, অম্বিকাপুর, গোপালপুর, দয়রামপুর ও কোমরপুরসহ আশপাশের কয়েক গ্রামের প্রায় দশ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে এ রাস্তায়। রেল লাইনের উপর কাঠ পেটানো ইতিমধ্যেই ব্রিজটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যে বিকল্প পথ রয়েছে সে রাস্তা দিয়ে শহরে আসতে হলে অতিরিক্ত ৫ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। যে কারণে ঝুঁকি থাকলেও এ রাস্তা দিয়েই চলাচল করে থাকে স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা জানালেন, গত ১৫ ডিসেম্বর বিকালে সেতু পার হওয়ার সময় কোমরপুর গ্রামের জাহিদ শেখ মটরসাইকেল নিয়ে ব্রিজ থেকে নিচে পাথরের উপর পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত বছরও একজন মারা যায় এই ব্রিজ থেকে পড়ে। এছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা।