আফ্রিকার বর্ষসেরা ফুটবলার তোরে
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫১
ম্যানচেষ্টার সিটির আইভরি কোস্টের তারকা ইয়া তোরে আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার স্বদেশী দিদিয়ার দ্রগবা এবং ক্যামেরুনের তারকা আলেকজান্ডার সংকে হারিয়ে সিএএফ বর্ষসেরা পুরস্কারটি জিতে নেন তোরে।
টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পেলেন ২৯ বছর বয়সী তোরে। তিনি ম্যানসিটিকে ৪৪ বছর পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন।
ঘানার রাজধানী আক্রায় এক অনুষ্ঠানে বিজয়ী হিসাবে তোরের নাম ঘোষণা করা হলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে তিনি বলেন, ‘‘আমার অনেক আবেগ আছে। আজ রাতটা আমার জন্য বিশেষ কিছু।’’
আফ্রিকান কাপ অব নেশনস-এর শিরোপা জয় করতে না পারলেও আইভরি কোস্টের জাতীয় দলের হয়েও অসামান্য অবদান রেখেছেন তোরে।
বাসস/এএফপি