অনুসন্ধানে তত্পরতা নেই
মিরসরাইয়ে একাধিক স্থানে নির্গত হচ্ছে গ্যাস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
যে মুহূর্তে তেল,গ্যাস সংকটে জাতি উদ্বিগ্ন, ঠিক সেই মুহূর্তে সম্ভাবনার বার্তা নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর নলকূপ, জমি ও চরাঞ্চলের শ্যালো পাম্পের পাইপ দিয়ে একাধিক স্থানে ভূগর্ভের প্রাকৃতিক গ্যাস নির্গত হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরলক্ষ্মীর একটি মত্স্য খামারে শ্যালো পাম্পের পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, মিরসরাইয়ের বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের নলকূপ, জমি এবং শ্যালো পাম্প দিয়ে ২০০৪ সাল থেকেই প্রাকৃতিক গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটছে। প্রথমে উপজেলার মস্তান নগর ও ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের বাপনা পুকুর পাড়, ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের সৈদালী গ্রাম, ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের পাশের একটি জমিতে গ্যাস নির্গত হওয়ার খবর পাওয়া যায়।
চলতি বছরের ১৪ জুন উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের নিজামউদ্দিনের বাড়ির গভীর নলকূপের পাইপ দিয়ে ভূগর্ভের প্রাকৃতিক গ্যাস নির্গত হওয়ার খবরও বেশ আলোচিত হয়। মধ্যম মায়ানী গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে সদ্য স্থাপিত গভীর নলকূপের একপাশ দিয়ে বুদ বুদ করে নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং আরেক পাশ দিয়ে পানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খুব দ্রুত বিষয়গুলো জানিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হবে।’
প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের একমাত্র তেল, গ্যাস অনুসন্ধান ও উত্পাদনকারী প্রতিষ্ঠান বাপেক্স ২০০৪ সালে একজন বিশেষজ্ঞ পাঠিয়ে সরেজমিন প্রতিবেদন সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘ ৮ বছর পার হয়ে গেলেও তা আর আলোর মুখ দেখেনি।