অফিস সহকারীর গাফিলতিতে ধামরাইয়ে ছাত্ররা বৃত্তির টাকা উত্তোলনে ব্যর্থ

ঢাকা জেলা পরিষদ ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের অনুকুলে একালীন বৃত্তি প্রদানের চেক প্রদান করে। ইউএনও’র অফিস সহকারী শাহআলমের গাফিলতির কারনে চেকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত উপজেলার ৬০ মেধাবী শিক্ষার্থী বৃত্তির টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারেনি। অফিস সহকারী চেক দেয়ার সময় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ৫০ থেকে ১০০ শত টাকা নেন বলেও অভিযোগ রয়েছে। প্রকাশ শিক্ষার্থীরা ব্যাংক থেকে তাদের উপবৃত্তির টাকা উত্তোলন করতে না পেরে অফিস সহকারীকে অফিসের মধ্যেই ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। অবস্থা বেগতিক দেখে অফিস সহকারী শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হয়। প্রকাশ, এই মেধাবী শিক্ষার্থীদের নামের চেকগুলো ২০ সেপ্টেম্বর ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসে। তিন মাস পূর্বে এই চেকগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী শাহ আলম আটকে রাখেন। পরবর্তীতে ধামরাই বাজার সোনালী ও অগ্রণী ব্যাংকে শিক্ষার্থীরা একাউন্ট খুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দেন চেকের মেয়াদ উর্ত্তীণ হয়ে যাওয়ায় ব্যাংকের পক্ষে চেক জমা নেয়া সম্ভব নয় । এঘটনায় অফিস সহকারী শাহ আলম শিক্ষার্থীদের কাছ থেকে রেভিনিউ স্ট্যাম্পের নামে অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, এ টাকা ফেরত দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ অফিস সহকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং শিক্ষার্থীরা যাতে তাদের টাকা তুলতে পারে সে ব্যবসস্থাও গ্রহণ করা হচ্ছে।