তাড়াশ হাসপাতালে ৭দিন ধরে পানি সরবরাহ বন্ধে দুর্ভোগ

পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পল্লী বিদ্যুতের মধ্যে টানা-পোড়েন সৃষ্টির কারণে মোটর চালাতে ব্যর্থ হওয়ায় সপ্তাহকাল যাবত্ হাসপাতাল ক্যাম্পাসে পানি নেই। রোগী ও ক্যাম্পাসে বসবাসরত ডাক্তার, নার্স ও কর্মচারীরা পানি সংকটের কারণে চরম দুর্ভোগের সম্মুখীন। তাড়াশ উপজেলা কমপ্লেক্স ও পল্লী বিদ্যুত্ সূত্রে জানা যায়, থ্রি-ফেজ লাইনের বিদ্যুত্ সংযোগ ছিল। সপ্তাহকাল আগে একটি ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় একটি ফেজ বন্ধ হয়ে গেছে। ফলে পানি উত্তোলনের জন্য মোটর চালু করা সম্ভব হচ্ছে না। যার দরুন রোগীদের সকল প্রকার ব্যবহার্য পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপেও পানি সংগ্রহ করা কষ্টকর হয়ে পড়েছে। এ ব্যপারে পল্লী বিদ্যুতের তাড়াশ অফিসে যোগাযোগ করলে জানায় তাড়াশ হাসপাতলের ২০০৮ ও ২০১০ সালের এমনকি চলতি বছরেরও বিদ্যুত্ বিল বকেয়ার পরিমাণ ২ লাখ ৯০ হাজার টাকা। বিল পরিশোধের জন্য দীর্ঘদিন যাবত্ তাগাদা দিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধের ব্যবস্থা করেননি। বকেয়া বিল পরিশোধ করলেই পুড়ে যাওয়া ফেজ ট্রান্সফর্মার সেট করে চালু করা হবে। তবে হাসপতাল ক্যাম্পাসে বিদ্যুত্ চালু আছে। শুধু মোটর বন্ধ রয়েছে।