উলিপুরে উপবৃত্তির টাকা বিতরণের
সময় ২ ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
উপবৃত্তির টাকা বিতরণ করতে গিয়ে অভিভাবকদের হাতে লাঞ্ছিত হয়েছেন উলিপুর সোনালী ব্যাংক শাখার ২ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউপি’র দীঘল হাইল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। এ ঘটনার সাথে জড়িত ৪ ব্যক্তিকে অভিযুক্ত করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাদী হয়ে থানায় মামলা করেছেন। এলাকাবাসী ও ব্যাংক সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ঐ দিন উলিপুর সোনালী ব্যাংকের ডেপুটেশনে থাকা সিনিয়র অফিসার আব্দুল গফুর ও অফিসার রাশেদুজ্জামান ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিয়ে বিদ্যালয়ে যান। কিন্তু ৪ শ’ ৫৯টি কার্ডধারীর অনুকূলে চাহিদা ১ লাখ ২৫ হাজার ৩শ’ ২৫ টাকা হলেও বরাদ্দ আসে ১ লাখ ১৭ হাজার ২শ’ ২৫ টাকা। এতে ৮ হাজার ১শ’ টাকা বরাদ্দ কম আসায় বিষয়টি ব্যাংক কর্মকর্তারা প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তাত্ক্ষণিক অবহিত করেন। পরে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির মৌখিক সিদ্ধান্তে প্রথম শ্রেণীর কার্ডধারীদের মধ্যে টাকার পরিমাণ কমিয়ে ৮ হাজার ১শ’ টাকার ঘাটতি পূরণ করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী টাকাও বিতরণ করা হয়। শেষ মুহূর্তে দীঘল হাইল্লা গ্রামের খায়রুল আলম, মোহাম্মদ আলী ও নয়াগ্রামের আবুল হোসেনসহ ৪ অভিভাবক তাদের সন্তানদের অনুকূলে কম টাকা গ্রহণে অস্বীকৃতি জানান। তখনই কর্মকর্তাদের সাথে তাদের বচসা শুরু হয়।