সুনামগঞ্জ জুবিলী বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উত্সব শুরু

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সাবেক-বর্তমান ছাত্রদের অংশগ্রহণে পূর্তি উত্সব মিলন মেলায় পরিণত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পায়রা উড়িয়ে পূর্তি উত্সবের উদ্বোধন করেন, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী। এসময় বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি মিফতাহ উদ্দিন রুমি, বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন, মেয়র আইয়ুব বখ্ত জগলুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পীর ফজলুল রহমান মিছবাহ, উত্সব উদযাপন পরিষদের সদস্য সচিব মতিউর রহমান, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল উপস্থিত ছিলেন। প্রথমদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, ফরিদা পারভীনসহ স্থানীয় শিল্পীরা। আজ বিখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, ফকির সাহাবউদ্দিন, ব্যান্ড লালন সংগীত পরিবেশন করবে।