দুদক সরকারের এজেন্টে পরিণত হয়েছে
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২১:০০
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এ সরকারের কাছে গণতন্ত্র ও সংবিধান কোন কিছুই নিরাপদ নয়। দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই। বিরোধীদলের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত মন্ত্রীদের নাম বাদ দিয়ে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন এখন সরকারের এজেন্টে পরিণত হয়েছে। এ সরকারের আমলে জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। বিরোধীদলের কর্মসূচী বানচাল ও বিরোধী নেতাদের হত্যা করার জন্যই শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে। তিনি বৃহস্পতিবার বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল হামিদ খান মধুর সভাপতিত্বে উক্ত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত কবীর হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ রানা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ প্রমুখ।