সিরাজগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

গতকাল শুক্রবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী করা হয়। এতে প্রধান অতিথি মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে তথ্য অধিকার আইন পাশসহ সাংবাদিকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি দেশের উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান। প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন, আবু মোঃ গোলাম কিবরিয়া, গাজী সোহরাব আলী সরকার, জান্নাত আরা হেনরী, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। এরপর মন্ত্রী সিরাজগঞ্জের দৈনিক যুগের কথা পত্রিকার প্রেস’ এর নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন।