হাজীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই
‘মুক্তিযোদ্ধাকে’ দাফন
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২১:০৮
দীর্ঘ ৬বছর যাবত্ মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করার পরও হাজীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, উপজেলার ৭নং বড়কুল বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা খন্দকার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খন্দকার (৫৯) দীর্ঘদিন অসুস্থতার পর গত ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার ছেলে শরীফুল ইসলাম বাবার মৃত্যু সংবাদটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। কিন্তু বেলা ১২টা পর্যন্ত তার পিতার রাষ্ট্রীয় মর্যাদা সংক্রান্ত কোন আয়োজন না দেখে পূনরায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খোরশেদ আলম খন্দকার নাম কোন মুক্তিযোদ্ধার নামের তালিকা মুক্তিবার্তা ও গেজেটে নেই। তাই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেওয়া যাবে না। এ সংবাদ পেয়ে শরীফুল ইসলাম তার পিতার মুক্তিযোদ্ধা ভাতার বই নং ১৫৪, ইস্যুর তারিখ ১৩/১২/২০০৬-এর কপি যা জুলাই ২০০৬ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতা পরিশোধিত, সি.ও মুক্তি ফৌজ জহিরুল হক পাঠান কর্তৃক প্রদত্ত সনদ, মহম্মদ আতাউল গনি ওসমানী কর্তৃক প্রদত্ত সনদ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সাময়িক সনদ ও মন্ত্রনালয় থেকে মুক্তিযোদ্ধা তালিকায় প্রদর্শন করার পরও কোন রকম সাড়া না পেয়ে চলে আসে। অবশেষে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা খোরশেদকে দাফন করা হয়। বিষয়টি সম্পর্কে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ ওয়াদুদের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিবার্তা ও গেজেটে যার নাম নেই আমরা তাকে কিভাবে সম্মান দিতে পারি।