অধিনায়ক হলে সিনিয়রদের সাথে সমস্যা হবে কোহলির : কপিল

ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব বলেছেন, অধিকাংশ খেলোয়াড়ই ফর্মে না থাকায় বর্তমান টেস্ট দলে এমন কেউই নেই যাকে অধিনায়ক করা যেতে পারে। অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে নিয়ে চলমান আলোচনাতেও সায় দেননি তিনি। কঠিন সমালোচনার মধ্যে থাকা ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমর্থনে এগিয়ে এসে কপিল টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে বলেন, ‘‘নিঃসন্দেহে বিরাট কোহলি খুবই ভালো ক্রিকেটার এবং দেশের জন্য অসাধারণ খেলে আসছে। কিন্তু টেস্ট অধিনায়কত্ব করার ক্ষেত্রে বয়সে সে খুবই তরুণ। তার জন্য দলের সিনিয়র খেলোয়াড়দের সামলানো সহজ হবে না।’’ বিশ্বকাপ জয়ী এ অলরাউন্ডার বলেন, ‘‘ভারতীয় দলে ধোনির বিকল্প নেই। গত এক বছর যাবত্ দলের পুরো ব্যাটিং লাইন ব্যর্থ হয়েছে এবং এ জন্য কেবলমাত্র অধিনায়ককে দোষী করার সুযোগ নেই। বিরাটকে অধিনায়ক করা হলে তা দল এবং ক্রিকেটারদের জন্য মঙ্গলজনক হবে না। দলের সিনিয়র খেলোয়াড়দেরকে সে কি বলবে ? কে তাকে সহযোগিতা করবে?” তিনি আরো বলেন, সিনিয়রদের ডিঙ্গিয়ে তাকে অধিনায়ক করা হলে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। অথবা এতো অল্প বয়সে অধিনায়ক করা হলে এ দায়িত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে বলেও মনে করছেন কপিল। খুবই অল্প বয়সে গ্রায়েম স্মিথকে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক করা হয়েছে— স্মরণ করিয়ে দেয়া হলে কপিল বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা দলটা তারকাসমৃদ্ধ বর্তমান ভারতীয় দলটির মতো নয় এবং এখানে তুলনা করার কোনো বিষয় নেই।’’ তরুণ বয়সে নিজেকে অধিনায়ক করার বিষয়টিও স্মরণ করে কপিল বলেন, ‘‘যখন ২৩ বছর বয়সে আমাকে অধিনায়ক করা হয় তখন আমিও জানতাম না কিভাবে সিনিয়রদের সামলানো যায়। সে সময়ে ছিলেন সুনিল গাভাস্কার, এস ভেংকটরাঘবন, মহিন্দার অমরনাথ এবং সৈয়দ কিরমানির মতো খেলোয়াড়রা। এরা সবাই আমার সিনিয়র ছিলেন। ভেংকটরাঘবনের নেতৃত্বে আমার অভিষেক হয় এবং কিছুদিন পর আমি হয়ে যাই তার অধিনায়ক। সে সময়ে সিনিয়রদের কি বলতে হতো আমি জানতাম না। ওই সময় আমি কৌশলের আশ্রয় নিতে শুরু করলাম এবং অধিনায়কত্ব থেকে আমাকে সরিয়ে দেয়া হয়।’’ তিনি বলেন, ‘‘তারপর বেশ কয়েকজন অধিনায়কের নেতৃত্বেই আমি খেলেছি। সুনিল গাভাস্কার থেকে দিলিপ ভেংসরকার, রবি শাস্ত্রি, কৃষ্ণামাচারী শ্রীকান্ত ও মোহাম্মদ আজহার উদ্দিনের নেতৃত্বে আমি খেলেছি এবং সে অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে, সিনিয়ররা থাকা একটি দলের অধিনায়কত্ব করা সহজ নয়।’’ সর্বশেষে তিনি বলেন, ‘‘যেকোনো বিষয়ের জন্যই একটা সঠিক সময় থাকে। আপনি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো ভবিষ্যতের জন্য বিরাট কোহলি নিশ্চিত ব্যক্তি কিন্তু এখন নয়।’’ বাসস