ঢাবির গণিত বিভাগের পুনর্মিলনী উত্সব

স্মৃতিচারণ, আলোচনাসভা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স ভবন চত্বরে এ পুনর্মিলনীর আয়োজন করে গণিত বিভাগ এলামনাই এসোসিয়েশন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের জাতীয় উন্নতির গতি-প্রকৃতি নিরূপণে এবং উন্নয়ন পরিকল্পনায় গণিতবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দেশে গণিত চর্চার প্রতি শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীদের একটি বড় অংশের মনে এখনও ভীতি কাজ করে। এ ভীতি দূর করতে গণিতবিদদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণিত বিভাগের চেয়ারম্যান ও এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. তজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুছ ছামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। দুপুরে পুনর্মিলনীর দ্বিতীয়পর্বে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন ও আড্ডায় মেতে উঠেন। বিকালে এসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলনে সংগঠনের গঠনতন্ত্র চূড়ান্ত করা হয় এবং আগের কমিটিকেই পুনঃনির্বাচিত করা হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পুনর্মিলনী শেষ হয়।