সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতি হচ্ছে :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ে এখনো কিছু কিছু দুর্নীতি হচ্ছে। তবে তা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের চেয়ে অনেক অনেক কম। বিএনপি-জামায়াত দেশে বেপরোয়া দুর্নীতি-লুটপাট চালিয়েছিল। দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে হবে। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল মাত্র। সেই ষড়যন্ত্র সরকার শুরুতেই নস্যাত্ করে দেয়। অর্থমন্ত্রী গতকাল শুক্রবার নগরীর একটি হোটেলে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় অর্থমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এবং এ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এ ক্ষেত্রে অচিরেই একটি সমঝোতা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দলকে সুসংগঠিত করতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। অর্থমন্ত্রী বলেন, গত নির্বাচনী ইশতেহার সরকার অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ দমন, অর্থনৈতিক মন্দা মোকাবিলা, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনীদের বিচার, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিকাশ সাধনে সফল হয়েছে সরকার। বিদ্যুতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। খাদ্য উত্পাদনে সফল হয়েছে এই সরকার। বর্ধিত সভায় অর্থমন্ত্রী আরো বলেন, আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ ীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসতে পারে। কাউন্সিল সফলের ব্যাপারে নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার জন্য তিনি আহবান জানান। মন্ত্রী বলেন, বিগত জোট সরকারের মন্ত্রী, এমপি ও আত্মীয়-স্বজনের সীমাহীন দুর্নীতি দেশকে বিপর্যস্ত করে ফেলেছিল। তাই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মুখে দুর্নীতি বিরোধী কথা বেমানান। কারণ তিনি ও তার সহযোগীরা দুর্নীতির কালো টাকায় ডুবে আছেন। বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ে কিছু দুর্নীতি চললেও তা অনেকটাই প্রশমন করা সম্ভব হয়েছে। আগামী বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই পরস্পর বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোও একটি সমঝোতার দিকে এগিয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।