আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ি আটক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২২:০৮
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা মাইক্রোবাস থেকে আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। সাদা রং-এর নোয়া গাড়িটি আটক করলেও এসময় চালকসহ তিন আরোহী পালিয়ে গেছে।
এবিষয়ে টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার রাতে টঙ্গীর মন্নু ট্রাকস্ট্যান্ড মোড়ে মাইক্রোবাসটির জোরপূর্বক গতি রোধ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে সহযোগীদের নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় পুলিশ গাড়ি থেকে ১০ বস্তা ভর্তি প্রায় ২০ লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ মাইক্রোবাসটি আটক করে।
টঙ্গী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাইক্রোবাসটি থেকে ফেনসিডিলসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।