ভারতীয় লাইলীকে হাজতে প্রেরণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। গত এক সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে ৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদের মধ্যে অপহূত ৬ জনের কোনো খোঁজ-খবর মেলেনি গত পাঁচ দিনেও। গত ১৬ ডিসেম্বর ভারতীয় গ্রামবাসীর সহায়তায় ঐ ৬ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় নাগরিক লাইলী বেগমকে পাটগ্রাম থানা পুলিশ গত বৃহস্পতিবার জেল-হাজতে প্রেরণ করেছে। ভারতীয় একটি সূত্র ও অপহূত বাংলাদেশিদের পরিবার জানিয়েছে, ভারতের মেখলিগঞ্জ মহকুমার ১৬৫ উচ্ছুল পুকুরী পুলিশের কাছে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের অভিযোগে আটক ৬ বাংলাদেশিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পাটগ্রাম থানা পুলিশ ও সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের বাবর আলীর মেয়ে ফরওয়ার্ড ব্লক নেত্রী লাইলী বেগম বাংলাদেশে পালিয়ে এসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার লাজু ইসলামকে বিয়ে করেন। এরই জের ধরে সীমান্ত থেকে সুজন, হামিদুল হক, রাসেল, সায়েদ, শরিফুল ও আবেদ আলীকে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। উপজেলার আউলিয়ার হাট থেকে পুলিশ লাইলীকে উদ্ধার করে অপহূত ৬ বাংলাদেশিকে ফিরিয়ে দেয়ার শর্তে তাকে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করে। কিন্তু লাইলী যেতে রাজি না হওয়ায় এবং জোরপূর্বক তাকে পাঠালে আত্মহত্যার হুমকি দেয়। গত বৃহস্পতিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ।