থাই প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বাংলাদেশ সফরে গতকাল সন্ধ্যায় ঢাকা পৌঁছলে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিকাল ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমান থেকে নেমে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল থাই প্রধানমন্ত্রীকে গার্ড অব-অনার প্রদান করে। এরপর একটি ছোট শিশু তাকে ফুলের তোড়া উপহার দেয়। এসময় বিমানবন্দরে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন। এছাড়া এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ জামান, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে থাই প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে সরাসরি সোনারগাঁ হোটেলে নিয়ে আসা হয়। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা বাংলাদেশে তার দু’দিনের সফরকালে ৯৮ সদস্যের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাই প্রধানমন্ত্রী আজ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হবেন। তার এ সফরকালে দু’দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া ডেস্কের মহাপরিচালক গোলাম সারওয়ার বাসসকে বলেন, একটি এমওইউ স্বাক্ষরিত হবে কৃষিখাতে সহযোগিতা বিষয়ে। এখাতে থাইল্যান্ডের সাফল্য ও দক্ষতা থেকে বাংলাদেশ লাভবান হতে আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের লক্ষ্যে অপর একটি চুক্তি স্বাক্ষরিত হবে। থাইল্যান্ডের ৪৫ বছর বয়সী প্রথম মহিলা প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে সেদেশের মন্ত্রিসভার ৫ জন সদস্য রয়েছেন। এছাড়া ৩০ জন ব্যবসায়ী নেতাও রয়েছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ আজ বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সফরকালে থাই প্রধানমন্ত্রী আজ বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তিনি আজ তার সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেয়া ভোজসভায়ও যোগ দেবেন। আজ রাতে এফবিসিসিআই তার সম্মানে নৈশভোজের আয়োজন করে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি থাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সিনাওয়াত্রা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। পরে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দীপু মনির সৌজন্য সাক্ষাত্ :সন্ধ্যায় থাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, থাই প্রধানমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত করবে। তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে থাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিমসটেকের পাশাপাশি আসিয়ানের মতো জোটে বাংলাদেশকে সহায়তার জন্য তিনি ইংলাক সিনাওয়াত্রাকে ধন্যবাদ জানান। বৈঠকে থাই প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।