খালেদা জিয়ার ভারত সফর দেশের স্বার্থে, তেল মারার জন্য নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে দেশের স্বার্থেই বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারত সফরে গিয়েছিলেন, ‘তেল দিতে’ নয়। আমি ছাড়াও অনেকের মনে যে ধারণা রয়েছে তা হচ্ছে, যাদের তেল মারার অভ্যাস আছে তাদের মুখ থেকেই তেল শব্দটি বের হয়। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনাসভায় তিনি বলেন, তেল মারা প্রসঙ্গে যে কথা এসেছে তার ভালো জবাব দিতে পারতেন আমার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী থাকলে। তিনি বলেন, বর্তমান সরকারের সময় শেষ হয়ে এসেছে। আমরা সে ধরনের লক্ষণই দেখতে পাচ্ছি। পুলিশ ও প্রশাসন ধীরে ধীরে এ সরকারের নির্দেশ আর মানবে না, আমরা তার অপেক্ষায় আছি। একদলীয় সরকারের অধীনে নির্বাচন কোনদিন জনগণ মানবে না। তাই বর্তমান সরকারকে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, সেতু যাতে না হয় সেজন্যই দুদকের দায়ের করা মামলায় দুই আবুলকে বাদ দেয়া হয়েছে। কারণ কান টানলে যেমন মাথা নড়ে, ঠিক তেমনি দুই আবুলকে বাদ না দিলে অনেকের নাম চলে আসার সম্ভাবনা ছিল। এ কারণে তাদের বাদ দিয়ে মামলা করা হয়েছে। আলাচনাসভায় আরো বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, হেলেন জেরিন খান, আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ। মামলা করে বাদী নিখোঁজ : এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মত্স্যজীবী দল মানববন্ধন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে দায়ের করা মামল?ার প্রতিবাদে মানববন্ধনে বলা হয় বাদী আয়নালের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর মত আয়নালকেও গুম করা হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মত্স্যজীবী দলের সেক্রেটারি মিলন মেহেদী মানববন্ধনে সভাপতিত্ব করেন।