মোবাইলে ডেকে এনে ছাত্র শিবিরের ২৭ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা মহানগর শিবির সভাপতি সাজ্জাদ আলম খানসহ ২৭ জন শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মহানগর শিবিরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও মহানগর পশ্চিমের ১২ থানার সভাপতি ও সেক্রেটারিও রয়েছেন। এদের একজনকে আটকের পর তার মোবাইল ফোন দিয়ে পর্যায়ক্রমে আরেকজনকে কৌশলে ডেকে এনে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া এদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর সভাপতি সাজ্জাদ আলম খানকে আটক করে ডিবি পুলিশ। পরে তার মোবাইল থেকে কল করে ডাকা হয় মহানগর সম্পাদককে। আটক করা হয় তাকেও। এরপর তাদের দুইজনের মোবাইল থেকে কল করে পশ্চিমের ১২ থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে এনে আটক করা হয়। পুলিশ জানায়, কাওরানবাজারে পুলিশের ওপর হামলাসহ সম্প্রতি রাজধানীতে শিবির যে চোরাগোপ্তা হামলা শুরু করেছে তার অধিকাংশ ঘটেছে মহানগর পশ্চিমে। ডিবির কাছে এমন তথ্য ছিল বলেই তাদের গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিনে রাজধানী শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান ও শিবির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইলিয়াস মোল্লাকে আটক করে ডিবি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শিবিরের এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ব্যাপারে তথ্যের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।