খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে :১৪ দল
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৪
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১৪ দলের নেতারা। তারা বলেছেন, ৭১ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। এবার শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাত্ করে খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাসদের কেন্দ ীয় সহ-সভাপতি মীর হোসেন আখতারসহ ১৪ দলের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আ্ওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। দেশি ও আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু যত চেষ্টাই করা হোক যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এই বিচার শেষ না হ্ওয়া পর্যন্ত ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকারও আহ্বান জানান তিনি। এ সময় তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেন, ২৬ মার্চের মধ্যেই সকল যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে।
বিরোধী দলীয় নেত্রীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ময়মনসিংহের জনসভায় প্রকাশ্যে খালেদা জিয়া যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামী, সাঈদী, সাকা চৌধুরীর মুক্তির দাবি করেছিলেন। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি হরতাল দিলে জামায়াত সমর্থন করে। জামায়াত হরতাল দিলে বিএনপি সমর্থন করে। আর এখন তিনি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছেন। এটা তামাশা ছাড়া আর কিছু না।
আ্ওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, গত বছর বেগম জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডেকে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন। তিনি দেশকে তাহরীর স্কয়ার বানাতে চেয়েছিলেন। কিন্তু তিনি আজ নিজেই স্কয়ারে আবদ্ধ হয়ে গেছেন।
মতিয়া বলেন, ‘পাকিস্তান যেভাবে যুদ্ধ ছাড়া হাসিল (অর্জিত) হয়েছে বাংলাদেশ সেভাবে হয়নি। তিনি বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এবার শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাত্ করে খালেদা জিয়াকে আত্নসমর্পণে বাধ্য করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেন, বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিচার বানচালে বিএনপি কর্মসূচি দিয়ে প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধীদের সহযোগী। তারা পাকিস্তানের এজেন্ট। এ সময় ১৪ দলের গণমিছিলকে সফল করতে সকল স্তরের নেতা-কর্মীদের আহবান জানান তিনি।