সেরা রন্ধনশিল্পী-২০১২ প্রতিযোগিতার খুলনা ফাইনাল অনুষ্ঠিত

রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণ কার্যক্রম মনিটর-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার খুলনা আঞ্চলিক ফাইনাল সমপ্রতি খুলনা শহরে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী হন আরমিন সুলতানা জুঁই। প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন যথাক্রমে নাসরিন হোসেইন ও মমতাজ বেগম। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আঞ্চলিক রান্না। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফেরদৌসি আলী, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রুমা আলী এবং প্রতিযোগিতার আয়োজক ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা অঞ্চল বিজয়ী ৩ জন আগামী জানুয়ারি ২০১৩ ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে দলগত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন।- প্রেস বিজ্ঞপ্তি