গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

মাত্র কিছুদিন আগে গেল ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন প্রখ্যাত ব্রিটিশ অ্যাস্ট্রোনোমার স্যার প্যাট্রিক মুর। মুরের এই মৃত্যুর সাথে সাথে যেমন বিদায় নিলেন এ অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তি তেমনি অবসান হলো অনন্য এক রেকর্ডেরও। শুধুমাত্র ব্রিটেনের টিভি ইতিহাসেই নয় বরং গোটা বিশ্বের টিভি মাধ্যমের ইতিহাসেই মুর ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে ধারাবাহিকভাবে প্রচারিত কোনো অনুষ্ঠানের উপস্থাপক বা নির্মাণের সঙ্গে সংশি¬ষ্ট থাকা একজন ব্যক্তি। বিবিসি সিরিজের জন্য নির্মিত অনুষ্ঠান ‘দ্য স্কাই এট নাইট’ এর জন্য মুর প্রথম উপস্থাপনা করেছিলেন ১৯৫৭ সালে। আর প্রতি মাসে একবার করে নিজের ব্যতিক্রমী এই অনুষ্ঠান নিয়ে মুর তার দর্শকদের সামনে হাজির থেকেছেন ৮৯ বছর বয়সে তার মৃত্যু হওয়ার এক সপ্তাহ আগ পর্যন্ত যা তাকে দিয়েছে সবচেয়ে বেশি সময় ধরে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করার গিনেজ স্বীকৃতি।