চাকরির বয়সসীমা ৩৫ না করা হলে সারাদেশে অবরোধ

সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর না করা হলে আসন্ন রমযানের পর সারাদেশে অবরোধের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের এমন সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।

'চাকরিতে যোগদানের বয়স ৩৫ করা যাবে না', সম্প্রতি জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এমন বক্তব্যকে 'ডাহা মিথ্যা' উল্লেখ করে তিনি বলেন, 'চাকরিতে যোগদানের বয়স ৩৫ বছর করা যাবে না বলে জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের যে বক্তব্য দিয়েছেন সেটি অযৌক্তিক ও 'ডাহা মিথ্যা' ছাড়া আর কিছু নয়'। 

আরও পড়ুন:  যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে হাইকোর্টে রিট

তিনি আরও বলেন, 'আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্য প্রত্যাহার ও চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার আহ্বান জানাচ্ছি। যদি আগামী রোজার ঈদের আগে এই সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে ঈদের পর অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে'। 

এ সময় সারাদেশে অবরোধের দীর্ঘ ও কঠোর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সরকারি চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচডি