থার্টি ফার্স্টে হাসানের জাঁকজমকপূর্ণ আয়োজন

দীর্ঘদিন ধরেই মিডিয়াতে অনেকটা অনুপস্থিত এ দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। সম্প্রতি ইত্তেফাক-এর এক সাক্ষাত্কারে হাসান জানিয়েছেন তার সাম্প্রতিক কাজের কথা। তবে সম্প্রতি হাসান জানালেন নতুন একটি বিষয়। যেই অ্যালবামটি হাসান দীর্ঘদিন সময় নিয়ে তৈরি করলেন, সেই অ্যালবামের গান দিয়েই নাকি শেষ করবেন বছরটা। তাও একটি কনসার্টের মধ্য দিয়ে। আসছে থার্টি ফার্স্টে নিজের ইভেন্ট অর্গানাইজেশন ক্রিয়েটিভ কমিউনিকেশন থেকেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। আর থার্টি ফার্স্টের বিশেষ এই কনসার্ট অনুষ্ঠিত হবে সমুদ্র সৈকত কক্সবাজারে। ‘নিউ ইয়ার এভ, গ্যালাক্সি গ্যাদারিং’ শিরোনামের এই কনসার্টের আনুষ্ঠানিকতা শুরু হবে থার্টি ফার্স্ট রাত ৮টা ৩০ মিনিট থেকেই। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন হুমায়রা হিমু ও শাহাদাত। দীর্ঘদিন পর দর্শকদের সামনে হাজির হওয়া প্রসঙ্গে হাসান বলেন, ‘আসলে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম একটু বড় আয়োজন নিয়েই আমার ভক্তদের সামনে হাজির হবো। নিজেকে গুছিয়ে উঠতেই একটু সময় লেগে গেছে। তবে এবার সব ঠিকঠাক, আসছে থার্টি ফার্স্টে কনসার্ট করছি আমার নিজস্ব ইভেন্ট সংস্থা থেকে। এই কনসার্টে আমি আমার নতুন অ্যালবামের গানগুলো গাইব। আর এই কনসার্টের মধ্য দিয়েই আমার নতুন অ্যালবামের গান কোথাও প্রথমবারের মতো শ্রোতারা শুনতে পাবে। কনসার্টে আমার সঙ্গে কিছু গানে ফিউশন করবেন ডিজে রিতা। বেশ জাঁকজমকভাবেই আয়োজন করা হয়েছে। রাত ১২টার দিকে আঁতশবাজিও ফোটানো হবে আমার কনসার্টে। ত্রিমূর্তি ব্যান্ড ও বাংলা মেন্টালজ থাকবে, ডিজে রিতা ছাড়া আরও ডিজেদের মধ্যে থাকবেন সোমাইল, লেডি পূজা, মেহের, ডিজে সাজিদসহ বিদেশের একাধিক ডিজে ও র্যাপার। এ ছাড়াও গালা ফ্যাশন ও ড্যান্সেরও আয়োজন করা হয়েছে।’