বগুড়া ও উল্লাপাড়ায় ডাকাতি

বগুড়া সদর থানা থেকে মাত্র ৫শ‘ গজ উত্তরে একটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শহরের দত্তবাড়ি টেম্পো স্ট্যান্ড এলাকায় অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল মালামাল সহ প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শতাব্দী ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারি হলেও রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এমএ মোমিন দুলাল প্রকাশ ১২জনের একদল সশস্ত্র ডাকাত ফিলিং স্টেশনে হানা দেয়। তারা পাম্পের অফিস কক্ষের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে সেখানে অবস্থানরত তিন কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদল তাদের মারপিট করে হাত-পা বেঁধে টয়লেটে ভেতরে আটকে রাখে। এব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছকির উদ্দিন ভূঁইয়া জানান, এধরনের কোন ঘটনা তার জানা নেই বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। সিরাজগঞ্জ প্রতিনিধি সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সোনতলায় র্যাব-পরিচয়ে গন-ডাকাতি হয়েছে। শনিবার ভোর রাতে একদল ডাকাত ওই গ্রামে ঢুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের স্বজনদের বাড়ি থেকে নগদ টাকা, ভিডিও ও ডিজিটাল স্টিল ক্যামেরা, ঘড়ি, মোবাইল সেট, ডায়মন্ড রিং ও স্বর্ণলংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। উপদেষ্টার মামাতো ভাই শরিফুল ইসলাম খান বলেন, ডাকাতদল রাত পৌনে ২টার দিকে তার বাড়িতে ঢুকে বেড়াতে আসা ৩৫ জন আত্বীয়-স্বজনের কাছ থেকে ২০টি মোবাইল সেট, নগদ দেড় লাখ টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণলঙ্কার লুট করে। এর আগে ডাকাত দল তার আত্বীয় পাশ্ববর্তী খান বাহাদুরের বাড়ি থেকে নগদ দু’লাখ টাকা, একটি মোবাইল সেট এবং সাড়ে ৪ ভরি স্বর্ণলঙ্কার লুট করে। এছাড়া, রাত দেড়টার দিকে, তার বেহাই খোরশেদ আলম খানের বাড়িতে ঢুকে ছেলে-মেয়েদের মাথায় পিস্তল ধরে আলমারি ও ট্র্যাংকে রাখ প্রায় ৫ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট লুট করে। গ্রামবাসির চিত্কারে ডাকাত দল রাত দু’টার পর পালিয়ে যায়।