মেহেরপুরে ৩টি শক্তিশালী বোমা ও অস্ত্র উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া গ্রামের মাঠ থেকে শুক্রবার রাতে মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশ ৩ টি বোমা উদ্ধার করেন। এদিন সন্ধ্যায় খন্দকারপাড়া গ্রামের এক বৃদ্ধা খড়ি কুড়াতে গিয়ে খন্দকারপাড়া রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নাসিরউদ্দিনের কলাক্ষেতে একটি প্যাকেটে ভরা ৩টি বোমা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এদিকে মেহেরপুরের গাংনীতে আবারো বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে গাংনী শহরের উত্তরপাড়ায় পর পর ৩টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গাংনী থানার ওসি মিজানুর রহমান বোমা বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ার দিকে রাত সাড়ে ১২টার দিকে ১ মিনিটের ব্যবধানে পর পর ৩টি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই পুলিশের একটি টীম অভিযান চালিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। এদিকে গাংনী র্যাবের একটি টীম অভিযান চালিয়ে উত্তরপাড়া আমিরুল ইসলামের বাড়ির পাশ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায়।