রাজাপুরে বাংলাদেশি বংশোদ্ভূত ইটালির
ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:১৯
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের যাত্রীবাহী বাস থেকে শনিবার সকালে ইয়াবাসহ থানা পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত মামুন গাজী (১৭) নামে ইতালির এক মেধাবী স্কুল ছাত্রকে আটক করেছে। আটকের পর পুলিশ তার হ্যান্ডব্যাগের বাইরের পকেট থেকে ১৭ পিচ ইয়াবা উদ্ধার করলেও ওই স্কুল ছাত্র শত্রুতাবশত ইয়াবা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এসময় তার সাথে থাকা চাচাতো ভাই রুবেল গাজীকেও (২০) পুলিশ আটক করেছে। মামুন ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ার ইতালী প্রবাসী ইদ্রিস গাজীর ছেলে। সে ইতালির একটি স্কুলে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করছে।
আটকের পর মামুন সাংবাদিকদের জানান, ‘কোরবানীর ঈদ করার জন্য বাবা-মাসহ সে বাংলাদেশে আসে। শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার বাইপাস মোড়ে দিগন্ত পরিবহনের বাসে হঠাত্ পুলিশ এসে মামুন ও রুবেল নামে কে আছেন বলে জিজ্ঞাসা করলে তারা উঠে দাঁড়ায়। এসময় পুলিশ তার হাতে থাকা হ্যান্ডব্যাগ চাইলে তারা তা দেয়। এসময় পুলিশ সদস্যরা প্রথমে হাত দিয়েই ব্যাগের বাইরের পকেট থেকে কতগুলো ট্যাবলেট বের করে। মামুন বলে আমি ওই ওষুধ চিনি না এবং ওগুলো আমার নয় বলে তাদের জানাই। পরে থানায় এসে জানতে পারি এগুলো নাকি অবৈধ নেশার দ্রব্য।’ এ ব্যাপারে অভিযান পরিচালনাকারি রাজাপুর থানার এসআই অমর সিংহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তবে এটি সাজানো কিনা তা তদন্ত না করে বলা যাবে না।’