লালপুরে জমিতে খেলতে না দেয়ায় ১১৯টি গাছ কর্তন

শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলার ডেবরপাড়া গ্রামের আব্দুল বারেকের সোয়া এক বিঘা জমির ১১৯টি বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলেছে বখাটেরা। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডেবরপাড়া গ্রামের আব্দুল বারেকের ফসলি জমিতে খেলতে চায় স্থানীয় কয়েকজন ছেলে। এতে বাধা দেয়ায় বারেকের সাথে তাদের কথা কাটাকাটি হয় । ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে বখাটেরা সোয়া এক বিঘা জমির ৯৬টি মেহগনি, ১৮টি সুপারি, দুটি আম ও তিনটি পেঁপে গাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আব্দুল বারেক বাদি হয়ে শনিবার ডেবরপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র সজল (১৮), রফিকুল ইসলামের পুত্র রকি (১৯) ও আব্দুস সালামের পুত্র শামীমকে (২০) আসামি করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।