মনোহরগঞ্জে লেবু চুরি নিয়ে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার মনোহরগঞ্জে শনিবার বিকালে লেবু চুরি নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়। জানা যায়, উপজেলার খিলা ইউনিয়নে লত্সর গ্রামে মৌলভী আবুল কাশেমের বাড়ি থেকে পার্শ্ববর্তী চড্ডা গ্রামের শাহআলমের মেয়ে নিপু (১২) লেবু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক আবুল কাশেমের হাতে ধরা পড়ে। ঐ মেয়েকে কিছু বেত্রাঘাত করে শাসিয়ে ছেড়ে দেয় বাড়ির মালিক। এ ঘটনা মেয়ে তার বাবা শাহআলমকে জানালে তার নেতৃত্বে মেয়েটির ভাই ফারুক, ফরিদ, বাবলু, নোমানসহ ২০/৩০ জন দেশিয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালালে লত্সর গ্রামের আরিফ, এরফান, কবির, মিজান, ইসমাইল ও বাড়ির মালিক আবুল কাশেমসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় তারা মৌলভী আবুল কাশেমের পোল্ট্রি ফার্ম কুপিয়ে নষ্ট করে। গুরুতর আহত এরফান, আরিফ ও কবিরকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।